
আসাদুজ্জামান নূর।। পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ রোভার স্কাউট গ্রুপ ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী “বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ জুন) রোভারদের দীক্ষাদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ১৪ জুন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এ ক্যাম্পে প্রায় ১২০ জন রোভার সহচর ও স্কাউট অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলাবোধ ও সেবামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও চ্যালেঞ্জভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়
তিন দিনের কর্মসূচিতে ‘ভোরের পাখি’, ‘তাঁবুকলা’, ‘অবস্ট্যাকল’, ‘বনকলা’ এবং ‘তাঁবু জলসা’সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে রোভার ও স্কাউটরা দলগত নেতৃত্ব, সহনশীলতা, দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়।
ক্যাম্পের সমাপনী ও দীক্ষা অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পেকুয়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা রোভারের সম্পাদক আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, পেকুয়া উপজেলা স্কাউটসের কমিশনার নাছির উদ্দীন এবং নূর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈসমাঈল খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, গার্লস-ইন-স্কাউট লিডার রায়হান জান্নাতসহ স্কাউট ও রোভার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় সহযোজিত সদস্য এবং শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।
বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের নেতৃত্বগুণ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ ধরনের ক্যাম্প তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক: এ.জে. নেজামউদ্দিন ।। প্রকাশক: আবুল বশর
মোবাইল: ০১৮১৫-৩৭১৩৯৬, ০ ১৮৭১-৫৭৫২৮৮, নিউজ মেইল: matamuhuribarta24@gmail.com