
আবু ছৈয়দ | ঢেমুশিয়া প্রতিনিধি
কক্সবাজারের সদ্য ঘোষিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাশখালী পাড়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ ফুট দীর্ঘ এবং ১০ থেকে ১২ ফুট প্রশস্ত এ রাস্তাটি সামান্য বৃষ্টিতেই ভয়াবহ কর্দমাক্ত হয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকশ পরিবার প্রতিদিন সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার অধিকাংশ অংশ গভীর কাদায় ডুবে গেছে। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে রয়েছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও পিচ্ছিল খাদ। এমন পরিস্থিতিতে চলাচল করতে গিয়ে শিশু, নারী ও বৃদ্ধরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।
সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে। কোমলমতি শিশুরা বই-খাতা হাতে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, এভাবে চলতে থাকলে শিশুদের শিক্ষাজীবনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। বর্ষা মৌসুম শুরু হলেই এটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও কঠিন হয়ে যায়। এমনকি ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন কাদায় আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি শুধু দাশখালী পাড়ার নয়, আশপাশের বিভিন্ন এলাকার মানুষেরও প্রধান যাতায়াত পথ। অথচ বছরের পর বছর ধরে দুর্ভোগের এ চিত্র অব্যাহত থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, নতুন উপজেলা ঘোষণার পরও যদি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের এমন করুণ অবস্থা থাকে, তবে সাধারণ মানুষের উন্নয়নের সুফল কোথায়? উন্নয়নের নানা প্রতিশ্রুতির মাঝে দাশখালী পাড়ার মানুষ যেন এখনও কাদা আর দুর্ভোগের সঙ্গেই বসবাস করতে বাধ্য হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দাশখালী পাড়ার মানুষের একটাই দাবি, আর নয় প্রতিশ্রুতি, এবার চাই কার্যকর ব্যবস্থা।
সম্পাদক: এ.জে. নেজামউদ্দিন ।। প্রকাশক: আবুল বশর
মোবাইল: ০১৮১৫-৩৭১৩৯৬, ০ ১৮৭১-৫৭৫২৮৮, নিউজ মেইল: matamuhuribarta24@gmail.com