মোসফিকা আক্তার।। নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই দিন সকাল ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তি তার বসতবাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের চকমোক্তার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুরাদ (২৮), পিতা: বজলুর রশিদ, সাং-চকমোক্তার মাস্টারপাড়া, নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং সেগুলো ভুক্তভোগীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন