
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় অবস্থিত বিবির বর কবরস্থান সংলগ্ন হাজ্বী মাওলানা শাহ ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
শনিবার (২০ জুন) সকালে পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের উদ্যোগে তিনি ঈদগাহ মাঠটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক মাঠের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং মুসল্লিদের সুবিধার্থে মাঠে আরসিসি ডালাই নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি মাঠের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠটি উন্নয়নের অভাবে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠে পানি ও কাদা জমে যাওয়ায় মুসল্লিদের নামাজ আদায়ে দুর্ভোগ পোহাতে হয়। ফলে মাঠে আরসিসি ডালাই নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে।
মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এই ঈদগাহ মাঠের উন্নয়ন। বিষয়টি জেলা পরিষদ প্রশাসকের নজরে আনতে তাঁকে সরেজমিনে পরিদর্শনে নিয়ে এসেছি। আশা করছি, দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।”
জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, “ঈদগাহ মাঠটি এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের বর্তমান অবস্থা পরিদর্শন করেছি। আরসিসি ডালাই নির্মাণের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন